দিনে অবরোধকারীর ভয়, রাতে চাঁদাবাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে অবরোধে যানবাহন আটকে দুর্বৃত্তরা চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের চৌধুরীর পুল, লেংড়া বাজারসহ কয়েকটি স্থানে গাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত মঙ্গলবার রাতে এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে গাড়িচালক ও স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
ট্রাকচালক ও স্থানীয় লোকজন জানান, দিনে অবরোধকারীদের ভয়ে গাড়ি চলছে না। রাতে গাড়ি আটকে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে।
লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ট্রাকচালক জহির হোসেন জানান, মঙ্গলবার অবরোধকারীদের ভয়ে তাঁরা দিনের বেলায় সড়কের পাশে ট্রাক রেখে দেন। রাত বাড়লে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের চৌধুরীর পুলের কাছে পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত সড়কে গাছের টুকরো ফেলে গাড়ি থামায়। পরে তারা গাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা দাবি করে। এ অবস্থায় ২ হাজার টাকা দিয়ে তিনি গাড়িটি রক্ষা করেন। এ সময় আরও কয়েকজন চালকের কাছ থেকে একইভাবে ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় স্কুলশিক্ষক আবুল হোসেন বলেন, কাজ শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে রায়পুর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ যাচ্ছিলেন। খাইল্যার পুল এলাকায় এলে চার যুবক তাঁর গাড়ির গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। একপর্যায়ে তারা ৩ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তিনি ১ হাজার টাকা দিয়ে রেহাই পান।
উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস বলেন, ‘বিষয়টি আমরা শুনিনি। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের আটক করে পুলিশে দেওয়া উচিত।’
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। রাতে ওই সড়কে পুলিশি টহল জোরদার করা হবে।