দিনে গাঁজা, রাতে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর পাহাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী ফাইলা পাগলার মেলা শুরু হওয়ার কথা। কিন্তু শুরুর আগেই মেলা ঘিরে দিনের বেলায় গাঁজা আর রাতে জুয়ার আসর বসার অভিযোগ পাওয়া গেছে। মেলা আয়োজক কমিটি গাঁজার অভিযোগ স্বীকার করলেও জুয়ার কথা অস্বীকার করেছে।
মেলা এলাকায় গতকাল বৃহস্পতিবার দিনের বেলা ঘুরে কমপক্ষে ৫০টি ঝুপড়ি ঘরে প্রকাশ্যে গাঁজা ও মদপান করতে দেখা গেছে লোকজনকে। গাঁজা সেবনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘মেলার নামই হইল গাঁজার মেলা। এখানে গাঁজা খাইলে দুষ নাই।’
মেলায় ঝাল-মুড়ি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘রাতে মেলা থেকে একটু দূরে গোপনে জুয়ার আসর বসে। সেখানে আমি বেচাবিক্রি করি।’
মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, মেলা চলার ১০ দিনের আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও পুরো মাসই তা চলে।
কমিটি সূত্রে জানা যায়, ৬০ বছর ধরে পৌষ মাসের পূর্ণিমাকে ঘিরে এ মেলা হয়ে আসছে। স্থানীয় ফাইলার পাগলা নামের এক ব্যক্তির মাজারকে কেন্দ্র করে টাঙ্গাইলসহ আশপাশের কমপক্ষে অর্ধ লাখ ভক্ত প্রতিবছর এ মেলায় সমবেত হয়। লালসালু ও কালো কাপড় পরা জটাধারী এসব ভক্ত এরই মধ্যে মাজারের চারপাশে অবস্থান নিয়েছে। মাজারের আশপাশে অস্থায়ীভাবে বসেছে পাঁচ শতাধিক দোকানপাট। এগুলোতে বিক্রি হচ্ছে খাবারসহ স্থানীয় লোকদের তৈরি করা নানা জিনিসপত্র।
মেলা কমিটির সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘মেলায় কিছু ভক্ত-পাগল এসে গাঁজাটাজা খায়। এদের ফেরানো সম্ভব নয়। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখানে জুয়ার আসর নেই।’
সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, ‘গাঁজা খাওয়ার দায়ে মেলা থেকে গতকালও সাতজনকে আটক করেছি। মেলায় পুলিশ মোতায়েন করা হবে।’
২০০৩ সালে এ মেলায় বোমা বিস্ফোরণে মাজারের খাদেমসহ আটজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে কে হামলাকারী তা জানা না গেলেও কয়েক বছর পর জঙ্গি সংগঠন জেএমবি এ বোমা হামলার দায় স্বীকার করে। ২০০৩ সালে বোমা হামলার পর কয়েক বছর মেলাটি বন্ধ ছিল। তবে পাঁচ বছর ধরে আবার তা জমে ওঠ।