দিনে দুই ঘণ্টাও বিদ্যুৎ মেলে না?
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। এতে গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অসহ্য গরমে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শিশুরা আক্রান্ত হচ্ছে নানা অসুখে।
উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় ১০ হাজার। গত শুক্রবার বিভিন্ন এলাকায় লোকজনের সঙ্গে কথা হয়। ঘনঘন লোডশেডিংয়ের ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
নিকলী সদর ইউনিয়নের দোয়ারহাটি গ্রামের বাসিন্দা আবু বাক্কার বলেন, দিন-রাতে সমানে বিদ্যুৎ যায় আর আসে। কখনো এক ঘণ্টা, আবার কখনো টানা চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
নগর গ্রামের জসিম উদ্দিন, আবু তাহের ও কামালপুর গ্রামের কামরুল ইসলাম, মির্জাপুরের বাচ্চু মিয়া, দামপাড়ার তাজুল ইসলাম, আক্কাস মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, এ জেলার মধ্যে নিকলী উপজেলায় লোডশেডিং হয় বেশি। কিন্তু নিকলীর মানুষেরা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে গিয়ে বললে, তাঁদের কিছু করার নেই বলে জানানো হয়।
নিকলী মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন বলেন, প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। মোমবাতি কিংবা হারিকেন জ্বালিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া চালাতে হয়। প্রচণ্ড গরমে সবার অবস্থা কাহিল।
সদর বাজারের রেস্তোরাঁর মালিক মো. সৈয়দ হোসেন বলেন, ‘একে তো ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না, এর ওপর ভোল্টেজ কম। এ কারণে আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল আল সাফি বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এক মাসে দুই শতাধিক শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জানতে চাইলে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি অভিযোগ কেন্দ্রের প্রধান লাইনম্যান গোপাল গোপ বলেন, ‘চাহিদামতো বিদ্যুৎ পাই না বলে লোডশেডিং হয়।’