দিনদুপুরে তরুণকে গলা কেটে হত্যা
গাজীপুরে মো. আল আমিন (২২) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আল আমিন পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এসআই) সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তবে ওই পুলিশ কর্মকর্তা তা অস্বীকার করেছেন। আল আমিন জামালপুরের নিরানন্দ থানার সাধুপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে।
আল আমিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ি এলাকার একটি নির্জন জায়গায় আজ দুপুরের দিকে দুর্বৃত্তরা আল আমিনকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আল আমিনের বড় ভাই মিলন হোসেন জানান, তাঁরা সপরিবারে কোনাবাড়ীর একটি বাড়িতে ভাড়া থাকেন। আল আমিন পেশায় রিকশাচালক ও মাদকাসক্ত ছিলেন। জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। পরবর্তী সময়ে আল আমিন তাঁর সোর্স হিসেবে কাজ শুরু করেন। বেশির ভাগ সময় আল আমিন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পেই সময় কাটাতেন।
মিলন আরও জানান, আজ দুপুরে এএসআই আনোয়ার হোসেনের নির্দেশে দেওয়ালিয়াবাড়ি ইকরা মডেল একাডেমির পাশের একটি জুয়ার আসরের খবর নিতে যান আল আমিন। ওই খবর আনতে যাওয়ার পর আল আমিন আর ফেরেননি। বেলা আড়াইটার দিকে তাঁরা খবর পান আল আমিনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খসরু আলম ও হাসান আলী জানান, দুপুরের নামাজের পর ইকরা মডেল স্কুলের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ হোসেন জানান, আল আমিন তাঁদের ক্যাম্পের সোর্স নয়। তিনি এএসআই আনোয়ার হোসেনের ব্যক্তিগত সোর্স ছিলেন। তবে এ কথা অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, আল আমিনকে তিনি আগে থেকে চিনতেন। তিনি রিকশাচালক ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে আল আমিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।