
মঙ্গলবার দুপুর সোয়া ১২টা! সিলেট নগরের টিলাগড় এলাকার চৌরাস্তায় তামাবিলমুখী সড়কের বাঁ দিকে একটি টেম্পোতে বসে কর্তব্যরত দুই পুলিশ মুঠোফোনে অনবরত কথা বলছেন। আশপাশে টেম্পো, সিএনজি ও অটোরিকশার জটলা। নির্দিষ্ট গন্তব্যের নাম উল্লেখ করে চালক-সহকারীরা ক্রমেই হাঁক দিচ্ছেন। দোকানপাটে কেনাকাটা চলছে। সড়কজুড়ে পথচারীদের ভিড়। ২০ মিনিট চৌরাস্তায় দাঁড়িয়ে হরতাল-অবরোধের কোনো প্রভাবই চোখে পড়ল না।
সাড়ে ১২টার দিকে টিলাগড় থেকে আধা কিলোমিটার দূরের বালুচর পয়েন্টে গিয়ে পরিস্থিতি অনেকটাই থমথমে দেখা গেছে। এখানে দোকানপাট খোলা থাকলেও মানুষের উপস্থিতি খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, বালুচর এলাকায় বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকদের আধিক্য বেশি থাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে খুব কমই বের হচ্ছে। তবে প্রচুর পুলিশ থাকায় গতকাল দুপুর পর্যন্ত এ এলাকায় কোনো অঘটন ঘটেনি।
১২টা ৪২ মিনিটে পূর্ব শাহি ঈদগাহ এলাকায় হুট করেই মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানের দরজা বন্ধ করে দিচ্ছেন। ঘটনা কী—জানতে চাইলে কারও কাছ থেকেই সদুত্তর পাওয়া গেল না। সবার ভাষ্য, কাছেই কোথাও পেট্রলবোমা ফাটানো হয়েছে। এ ভয়েই যানবাহন চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করছেন। মিনিট পাঁচেকের মধ্যে শব্দের উৎস সন্ধান করতে গিয়ে দেখা গেল, সামান্য দূরে গাড়ির একটি চাকা পাংচার হয়ে বিকট শব্দ হয়েছে। আর এটিকে পেট্রলবোমা ভেবে সবাই প্রাণভয়ে ছুটছে।
পূর্ব শাহি ঈদগাহ এলাকার ভ্রাম্যমাণ আচার বিক্রেতা খায়রুল মিয়া জানান, সকাল আটটার দিকে এ এলাকায় ছাত্রদলের একটি মিছিল বের হয়েছিল। সেখান থেকে আম্বরখানা-টিলাগড় সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন নেতা-কর্মীরা। হুট করে শব্দ হলেই স্থানীয়রা আতঙ্কে ভুগছে। দিনে ভয় আর রাতে আতঙ্ক নিয়ে মানুষ চলাফেরা করছে বলে মন্তব্য করলেন খায়রুল।
বেলা একটায় নগরের ব্যস্ততম আম্বরখানা মোড়ে গিয়ে দেখা গেল, অধিকাংশ দোকানপাটই বন্ধ রয়েছে। যেসব ব্যবসায়ীরা দোকান খুলে রেখেছেন, তাঁদের দোকানের শাটার আাধখোলা। সবার মধ্যে ভয় আর আতঙ্ক। দুপুরের দিকে প্রতিদিনই এ মোড়ে যানজট লেগে থাকত। গতকালের হরতালে যান চলাচল করলেও তা ছিল তুলনামূলক কম।
আম্বরখানা মোড়ে কর্তব্যরত তিনজন পুলিশ খোশ মেজাজে গল্প করছিলেন, আর একজন মুঠোফোনে কথা বলছিলেন। পুলিশের রিকুইজিশন করা টেম্পোর চালক সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন। কনস্টেবল রেজাউল করিম জানান, তাঁরা পাঁচজন ভোর চারটা থেকে আম্বরখানা মোড়ে দায়িত্ব পালন করছেন। দুইটা পর্যন্ত আম্বরখানা এলাকায় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। রাত নয়টা পর্যন্ত তাঁরা ওই এলাকায় দায়িত্ব পালন করবেন।
আম্বরখানা থেকে চৌহাট্টা এলাকার দূরত্ব আধা কিলোমিটারের মতো। এ দূরত্বের মধ্যে সড়কের দুই পাশে অন্তত কয়েক শ দোকান রয়েছে। ওষুধ বিক্রির দোকানগুলো ছাড়া এ সড়কের অধিকাংশ দোকানই বন্ধ। সড়কের পাশে অবস্থিত বিপণিবিতানগুলো তালাবদ্ধ দেখা গেল। পিকেটারদের ঝটিকা আক্রমণ ঠেকাতে ব্যাংকগুলোর দরজাও অর্ধেক বন্ধ করে রাখা হয়েছে।
বেলা পৌনে দুইটার দিকে চৌহাট্টা এলাকায় কথা হয় স্থানীয় ব্যবসায়ী আজমত উল্লাহর সঙ্গে। তিনি জানান, বেলা ১১টার দিকে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হরতাল-অবরোধ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। এর বাইরে এ এলাকায় আর কোনো কর্মসূচি তিনি পালন হতে দেখেননি।
চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে দক্ষিণ দিক বরাবর সামান্য একটু এগোনোর পরই নগরের সবচেয়ে ব্যস্ত এলাকা বন্দরবাজার। সেখানে গিয়ে হরতালের কোনো চিহ্নই পাওয়া গেল না। বেলা আড়াইটার দিকে প্রচণ্ড যানজট সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
বন্দরবাজার এলাকার সদ্য ভেঙে ফেলা মহানগর হকার্স শেডের সামনেই জসিম উদ্দিনের বই ও পত্রিকার দোকান। তিনি বলেন, ‘দিনে মনের মধ্যে কিছুটা ভয় ছাড়া তেমন কুনু সমস্যা হয় না। সন্ধ্যার পর পুরা এলাকা নিরাই (সুনশান) অই যায়! সন্ধ্যা সাতটা-আটটা বাজলে পুরা বন্দরবাজার এলাকা চুপচাপ আর নিস্তব্ধ অই পড়ে। তখন আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করি বাসায় চলি যায়! অথচ রাত একটা-দেড়টা পর্যন্তও এই বন্দরবাজারে বিকিকিনি চলত।’