দিনে মিস্ত্রি, রাতে ছিনতাইকারী
কেউ পেশায় রং মিস্ত্রি, কেউ কাজ করে কারখানায়। দিনের বেলা সদ্য কৈশোর পার হওয়া আট তরুণের পেশা এগুলোই। কিন্তু রাত নামলে বা ছুটির দিনে তাদের পেশা হয়ে ওঠে ছিনতাই। এই দলের দুই সদস্যকে গত শুক্রবার গভীর রাতে আটক করেছে বায়েজিদ থানা-পুলিশ। এই নিয়ে তিন দফায় ছিনতাইকারী দলের মোট ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে নগরের বায়েজিদ শেরশাহ এলাকা থেকে মো. মামুন ও মদুনাঘাট এলাকা থেকে রাসেলকে পুলিশ আটক করে।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং এলাকার আশপাশে এই তরুণেরা থাকে। তাদের সবার বয়স ১৮-১৯। সুযোগ পেলেই এরা বায়েজিদ শেরশাহ এলাকার আশপাশে ছিনতাই করে। ছিনতাইয়ের মালামাল পুরো দলে ভাগ হয়। অবশ্য ছিনতাই এদের প্রধান পেশা নয়।
ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি ছিনতাইয়ের উদ্দেশ্যে এরা জড়ো হয়েছে এমন তথ্য পেয়ে সাংবাদিক হাউজিং এলাকায় পুলিশ অভিযান চালায়। সেদিন মো. রিটন ও মেহেদী হাসান নামের দুজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন ও মো. রিপন নামের আরও দুজনকে আটক করা হয়। এরপর শুক্রবার রাত সাড়ে ১২টায় প্রথমে মামুনকে ও রাত সাড়ে ৩টার দিকে রাসেলকে আটক করা হয়েছে।