দিনে রাজনৈতিক কর্মসূচিতে, রাতে চুরি-ডাকাতি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত সোমবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁদের মধ্যে দুজন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবলীগ ও একজন ছাত্রদলের নেতা। অন্যরা যুবলীগ ও ছাত্রদলের কর্মী।
এদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নিতে গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া কেরোয়া গ্রামে আসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
সোমবার উপজেলার কামারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী সাত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেন। আটক ব্যক্তিদের সবার বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে। তাঁরা হলেন কেরোয়া ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য জামাল হোসেন, কাউছার আলম ওরফে সাদ্দাম, কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ; মো. রাশেদ, আবুল বাশার ও বাবর হোসেন যুবদল ও ছাত্রদলের কর্মী এবং মনির হোসেন যুবলীগের কর্মী।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বলেন, জামাল হোসেন ও সাদ্দাম যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য। তাঁরা এলাকায় অনেক চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় পদ-পদবি ব্যবহার করে অপকর্ম করছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।
কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহ আলম বলেন, পারভেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।
কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, দলীয় পদ-পদবি ব্যবহার করে ওই যুবকেরা দিনের বেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতেন। দলীয় কর্মসূচিতে সামনে থাকতেন। আর রাতে রামগঞ্জ, রায়পুর ও ফরিদগঞ্জে ডাকাতি করতেন। আমরা তাঁদের তালিকা কয়েকবার থানায় জমাও দিয়েছি। অনেকেই তাঁদের অপকর্মের কথা জানলেও ভয়ে কেউ মুখ খুলতেন না। রায়পুরের কেরোয়া ইউনিয়নের অনেক বাড়িতে তাঁরা ডাকাতি করেছেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে চায়নিজ কুড়াল, ছোরাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামিদের মধ্যে আবুল বাশার ও কাউছার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ও ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, ওই সাতজন ডাকাতির ঘটনায় জড়িত। ক্ষতিগ্রস্ত কয়েকজন ওই সাতজনের মধ্যে কয়েকজনের নাম বলেছেন।