বরগুনার বিভিন্ন বনের গাছ কেটে ইটভাটা ও দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। স্থানীয় জ্বালানি কাঠ ব্যবসায়ীদের তথ্যানুযায়ী, জেলায় প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার মণ জ্বালানি কাঠ ইটভাটা ও বিভিন্ন স্থানে পাচার করা হয়। এসব কাঠ সংগ্রহ করতে গিয়ে সামাজিক বন ও সৃজিত বন থেকে নির্বিচারে কাটা পড়ছে বিভিন্ন প্রজাতির গাছ।
স্থানীয় কাঠ ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জেলার বিভিন্ন গ্রামে দালাল নিয়োগ করে এসব গাছ কিনে জেলার প্রায় ৫০টি ইটভাটায় ও ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, যে হারে সামাজিক ও অন্যান্য বনের গাছ কেটে পাচার হচ্ছে, তাতে অচিরেই দক্ষিণাঞ্চল বৃক্ষশূন্য হয়ে পড়বে।
বন সংরক্ষণ বিধিমালা, ২০১১ অনুযায়ী, ফলদ বৃক্ষ ছাড়া ব্যক্তিমালিকানাধীন বা অন্যান্য যেকোনো ধরনের গাছ কাটার জন্য বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করে অনুমতি নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে কাঠ পরিবহনের জন্য বন বিভাগের রুট পারমিট নেওয়ার বিধান রয়েছে। কিন্তু বন আইন তোয়াক্কা না করে দেদার বৃক্ষ নিধন করে পাচার করা হলেও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কোনো নজরদারি নেই বলে অভিযোগ রয়েছে।
বরগুনার বন বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় সামাজিক, সংরক্ষিত (শ্বাসমূলীয় বৃক্ষ) ও অন্যান্য প্রকল্প মিলিয়ে বন বিভাগের ১৩৭ দশমিক ৫৫ বর্গকিলোমিটারজুড়ে বন রয়েছে। বন বিভাগের ২০০৫ সালের হিসাব অনুযায়ী, জেলার মোট আয়তনের ৯ দশমিক ২০ শতাংশ বনাঞ্চল রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় সিডরে সবুজ বেষ্টনী প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ বনের ব্যাপক ক্ষতি হয়। সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি এলাকার মোট আয়তনের অন্তত ২২ শতাংশ বনাঞ্চল থাকা আবশ্যক।
জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে ওই সব এলাকার কিছু বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সামাজিক, ব্যক্তিমালিকানাধীন এমনকি সংরক্ষিত বন থেকে একশ্রেণির গাছ ব্যবসায়ী অবাধে গাছ কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহের পাশাপাশি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন। বিভিন্ন বন ও গ্রাম থেকে সংগ্রহ করা এসব গাছ সড়ক ও মহাসড়কের অপেক্ষাকৃত নির্জন এলাকায় রাখা হয়। এরপর ট্রাকে করে এসব গাছ ঢাকা, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।
এ ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বরগুনা থেকে ট্রাক ও কার্গোতে প্রতিদিন অন্তত ১৩ হাজার থেকে ১৫ হাজার মণ জ্বালানি কাঠ দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। পাশাপাশি বরগুনায় বৈধ-অবৈধ মিলিয়ে অন্তত ৫০টি ইটভাটায় প্রতিদিন প্রায় ২০ হাজার মণ জ্বালানি কাঠ পোড়ানো হয়। বরগুনা সদর, পাথরঘাটা ও আমতলী থেকে সবচেয়ে বেশি জ্বালানি কাঠ সংগ্রহ করা হয়। আমতলীর কচুপাত্রা, খুড়িয়ার খেয়াঘাট, ছোটবগি, পচাকোড়ালিয়া, পশুনবুনিয়া, মহিষকাটাসহ অন্তত ৩০টি স্থান; পাথরঘাটার চরদুয়ানি, কালমেঘা, কূপদোন, কাকচিড়া; বেতাগীর বেতাগী খেয়াঘাট, চামটা, নিয়ামতি, মোকামিয়া, কাজীরহাট, কাউনিয়া, বেতমোর, কুমড়াখালী এলাকা থেকে প্রতিদিন অনেকগুলো ট্রাক ছেড়ে যায়। চাম্বল, মেহগনি, করমচা—এই তিন প্রজাতির গাছের জ্বালানি কাঠের চাহিদা বেশি।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সদর উপজেলার ইটবাড়িয়া, কদমতলা, নোমোরহাট, সোনাখালী, পুরাকাটা, চরকগাছিয়া, হেউলিবুনিয়া, আমতলী, লাকুরতলা, পরীরখাল পর্যন্ত অন্তত ৫০টি স্থান থেকে ট্রাকে গাছ তোলা হয়। সবচেয়ে বেশি গাছ পাচার হয় আমতলী ও পাথরঘাটার বিভিন্ন এলাকা থেকে। আমতলী থেকে প্রতিদিন গড়ে পাঁচটি ও পাথরঘাটা থেকে তিনটি ট্রাক দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, ‘ট্রাকে গাছ পাচারের বিষয়টি আমার জানা নেই। আর এ অঞ্চলে ২০১১ সালের বন অধ্যাদেশটির প্রয়োগ নেই।’
বরগুনা সদর রেঞ্জ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন, ‘এটা পাবলিকের গাছ, আমরা কী করব?’ কিন্তু ২০১১ সালের বন অধ্যাদেশে তো গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে—এমন প্রশ্নের জবাবে তিনি বললে, ‘হ্যাঁ, সেটা আছে, কিন্তু বন বিভাগের বরগুনা-পটুয়াখালী ডিভিশনে এটা কার্যকর না। আপনারা এর জন্য জেলা প্রশাসক ও এমপি সাহেবের সঙ্গে কথা বলেন।’
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার রায় বলেন, ‘গাছ কাটার বিষয়টি বন বিভাগ দেখবে। তবে ইটভাটায় গাছ পোড়ানো হলে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’