দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। অটোরিকশা ভাঙচুরের ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন কালীনগর গ্রামের আফিজ উল্লাহ (৬০) ও নূর মিয়া (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে জুয়েল মিয়া, দুলাল মিয়া, আরশাদ মিয়া, সেজু মিয়া ও এরশাদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা নিয়ে কালীনগর গ্রামের জুয়েল মিয়া ও নূর মিয়ার লোকদের মধ্যে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সপ্তাহ খানেক আগে জুয়েল মিয়ার একটি অটোরিকশা ভাঙচুর করেন নূর মিয়ার লোকজন। রাজানগর বাজার থেকে কালীনগর গ্রামে আসার পর ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে অটোরিকশাটি ভাঙচুর করা হয়েছিল।
গতকাল সালিস বৈঠক শুরু হওয়ার আগেই দুই পক্ষের লোকজন প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের রামদার আঘাতে ঘটনাস্থলেই আফিজ উল্লাহ ও নূর মিয়া মারা যান। জুয়েল মিয়ার পক্ষের লোক আফিজ উল্লাহ।