দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে হাবিবুর রহমান নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার এলাকায় মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
হাবিবুর রহমান সোয়াতিয়র গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে এবার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে।
আবদুল হাকিম জানান, গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে শহীদ দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের কয়েক তরুণ হাবিবুরের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর আহত হয়।
আবদুল হাকিম আরও বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। গ্রামের এক পক্ষের সঙ্গে আমাদের মামলা-সংক্রান্ত বিরোধ ছিল। সেটি মীমাংসা হয়ে গেছে। এখন আবার ওই পক্ষের লোকজন কেন আমার ছেলেকে এভাবে মারধর করল, বুঝতে পারছি না।’
গত মঙ্গলবার সন্ধ্যায় হাবিবুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সে আহত অবস্থায় হাসপাতাল থেকে এলাকায় গিয়ে পরীক্ষায় অংশ নেয়।