রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে গতকাল মঙ্গলবার সকালে গুলি করে ও বোমা ফাটিয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলি ও বোমায় প্রতিষ্ঠানটির সাতজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আকিজ গ্রুপের পরিবেশক জে আর করপোরেশনের মহাব্যবস্থাপক হারুন অর রশীদ, প্রধান হিসাব ব্যবস্থাপক নূর মোহাম্মদ, ব্যবস্থাপক কামাল হোসেন, কর্মচারী মানিক হোসেন, নিরাপত্তাকর্মী আলতাফ হোসেন, সোহাগ ও জহিরুল ইসলাম। তাঁদের প্রথমে পার্শ্ববর্তী ইনসাফ বারাকাহ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জে আর করপোরেশনের মালিক আবুল কাশেম প্রথম আলোকে জানান, জে আর করপোরেশন আকিজ গ্রুপের সিমেন্ট, সিরামিক, খাদ্য ও সিগারেটের পরিবেশক। দিলু রোডের একটি ছয়তলা ভবনের দোতলায় তাঁর কার্যালয়, তৃতীয় তলায় তিনি বসবাস করেন। পণ্য বিক্রি বাবদ বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা ৩০ লাখ ৬০ হাজার টাকা গতকাল সকালে তাঁর আটজন কর্মকর্তা-কর্মচারী একটি বাণিজ্যিক ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘দুটি বাইসাইকেলের পেছনের বক্সে টাকাগুলো রাখা ছিল। একটির বক্সে ২৩ লাখ ১০ হাজার এবং অন্যটির বক্সে সাড়ে সাত লাখ টাকা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কার্যালয় থেকে নেমে গ্যারেজ থেকে বাইসাইকেল দুটি নিয়ে ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক তাঁদের পথরোধ করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় ও ফাঁকা গুলি ছুড়তে থাকে। বোমার ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা সাইকেলের বক্স থেকে টাকাগুলো নিয়ে তিনটি মোটরসাইকেলে করে দিলু রোডের পশ্চিম দিকে পালিয়ে যায়।
আবুল কাশেম বলেন, ‘কেন এমনটি হলো বোঝা যাচ্ছে না। এর আগে ২০১১ সালে প্রগতি সরণিতে একটি ব্যাংকের সামনে থেকে আমার প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই হয়েছিল।’
জে আর করপোরেশনের নিরাপত্তাকর্মী আলতাফ হোসেন বলেন, ‘আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে দুজন যুবক আমাকে ঘিরে ফেলে। আমি টাকাসহ সাইকেল ধরে রাখি। তখন ওরা ব্যাগ থেকে বোমা ছুড়ে মারে। পরে ওই দুজন আমার দুই পায়ে কুপিয়ে ও পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় আশপাশে এবং গলির মুখে আরও পাঁচ-ছয়জন যুবক হামলা চালায়।
আহত ব্যক্তিদের বারাকাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জে আর করপোরেশনের কর্মচারী নূর মোহাম্মদের ডান পায়ে একটি গুলি করা হয়।
হাসপাতালের চিকিৎসক মো. সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নূর মোহাম্মদের পায়ে অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার লেগেছে।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন থেকে ভিডিও ফুটেজ, গুলির খোসা সংগ্রহ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
এর আগে গত রোববার মিরপুরে থানার সামনে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই হয়।