দিল্লিতে পাঁচ জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ পুলিশের একটি দল। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান বোমা হামলার ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাঁদের গ্রেপ্তার করে।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসাম থেকে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এনআইএ পরে কলকাতা পুলিশের কাছ থেকে তাঁদের নিরাপত্তা হেফাজতে নেয়। তাঁদের বিরুদ্ধে বোমা হামলা চালানোর ষড়যন্ত্র এবং বোড়ো জঙ্গিদের সঙ্গে হাত মেলানোর চেষ্টার অভিযোগও আনা হয়।
কর্মকর্তারা জানান, জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদকারী বাংলাদেশ পুলিশের দলটি গত মাসের শেষ সপ্তাহে দিল্লি পৌঁছায়। তারা বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জেএমবির পশ্চিমবঙ্গ ইউনিটের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি মওলানা ইউসুফ, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, মোহাম্মদ রফিক, শহীদুল ওরফে শামীম ও আবদুল কালাম ওরফে কলিম নামে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা বাংলাদেশে সরকার উৎখাত করে শরিয়া আইন চালুর ষড়যন্ত্রে লিপ্ত কি না, তদন্তকারীরা তা জানার চেষ্টা করেন।