দিয়াজের অনুসারী ছাত্রলীগের নেতা মামুন গ্রেপ্তার
দিয়াজ ইরফান চৌধুরী ‘হত্যার’ বিচার চেয়ে আন্দোলনে সোচ্চার থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মামুন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তাইফুল হক ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। এই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান জানান, মামুনকে গতকাল আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিকে দিয়াজের পরিবার ও তাঁর অনুসারীরা অভিযোগ করেছেন, দিয়াজ ‘হত্যার’ বিচারের দাবিতে মামুন এত দিন ধরে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর সোচ্চার ভূমিকার কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁদের অভিযোগ, গত ২৯ অক্টোবর রাতে দিয়াজ, মামুনসহ চার নেতার বাসায় তাণ্ডবের ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। আসামিদের বিরুদ্ধে ওই সময় ব্যবস্থা নিলে দিয়াজকে ‘খুন’ করার সাহস পেত না।
দিয়াজের অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, দিয়াজ ‘হত্যা’ মামলার আসামিরা গত রোববার বিকেলে শহীদ আবদুর রব হলে তাঁদের কর্মী-সমর্থকদের ৪২টি কক্ষ ভাঙচুর করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করে উল্টো মামুনকে গ্রেপ্তার করেছে।
দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরীও একই অভিযোগ করেন। তাঁর দাবি, দিয়াজ ‘হত্যার’ বিচার যাতে না হয় এবং তাঁর বিচার চেয়ে আন্দোলন করা নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের জন্য গ্রেপ্তার ও হামলা-নির্যাতন চালানো হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। ফৌজদারি মামলার আসামিদের পুলিশ চাইলে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে।’