দীঘিনালা থেকে ইউপিডিএফ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে দীঘিনালা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে তিনটায় উপজেলার কবাখালী ইউনিয়নের রিজার্ভছড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে রিভলভার, ছয়টি গুলি, নগদ ৫৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় দীঘিনালা থানার উপপরিদর্শক মো. এহতেশাম বাদী হয়ে থানায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করেন।
তবে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বুধবার বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলযোগে দীঘিনালা আসার পথে কবাখালী এলাকা থেকে দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটেরও প্রধান সংগঠক। গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।