দীঘিনালায় গৃহবধূ ধর্ষণের শিকার
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে (২৮) ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর অভিযোগ, ১০ ফেব্রুয়ারি লাকড়ি কাটার জন্য তারাবনীয়া এলাকার ডলুছড়িতে গেলে বেলছড়ি এলাকার তিন যুবক তাঁকে ধর্ষণ করে। এ সময় একটি বোতলে নেশাদ্রব্য মিশিয়ে পান করালে তিনি অচেতন হয়ে যান। পরে যুবকেরা তাঁর ভিডিওচিত্র ধারণ করে। তাঁর অভিযোগ, ঘটনার সঙ্গে তাঁর দুই ননদও জড়িত।
এ ঘটনায় ওই গৃহবধূ দীঘিনালা থানায় মামলা করেছেন। গৃহবধূর বড় ভাই বলেন, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁর বোনের ওপর নির্যাতন করে আসছিল। দুই বছর আগে তাঁর বোনের স্বামী আরেকটি বিয়ে করেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনা ঘটলেও তাঁর বোনকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। গত বুধবার পুলিশ তাঁর বোনকে উদ্ধার করে।
পুলিশ জানায়, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঞ্জুরুল আলম, স্বপন আলী ও মো. শুক্কুর আলী এবং গৃহবধূর দুই ননদ জ্যোৎস্না বেগম, হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন, দুই ননদের সঙ্গে ১৫ হাজার টাকার চুক্তিতে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন।
দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, গৃহবধূর দুই ননদসহ গ্রেপ্তার পাঁচজনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে।