দীঘিনালায় জাল টাকা ইয়াবা বড়িসহ যুবলীগের নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালায় জাল টাকা, ইয়াবা বড়িসহ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন ওরফে লাভলুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট মেরুং বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার জামতলী বাঙািলপাড়া এলাকায়।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে গতকাল সকালে বেলাল জাল টাকা নিয়ে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ছোট মেরুং বাজারে যাবেন। এ সময় পুলিশ গোপনে তাঁর পিছু নেয়। ছোট মেরুং বাজারের একটি দোকান থেকে কিছু পণ্য কিনে বিক্রেতাকে এক হাজার টাকার নোট দেন তিনি। নোটটি জাল বলে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে ধরে ফেলে। এ সময় তাঁর দেহ তল্লািশ করে এক হাজার টাকার আরও ছয়টি জাল নোট ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, যুবলীগের নেতা বেলাল হোসেনের বিরুদ্ধে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এবং মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেছেন। বেলালের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
জাল টাকা, ইয়াবাসহ যুবলীগের নেতা ধরা পড়ার বিষয়ে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল বলেন, জাল টাকা ও ইয়াবা ব্যবসার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।