দীঘিনালায় বিদ্যালয়ের ছাত্রীনিবাসে যুবক নিরাপত্তা নিয়ে প্রশ্ন
খাগড়াছড়ির দীঘিনালার একটি বিদ্যালয়ের ছাত্রীনিবাসের ভেন্টিলেটর ভেঙে গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবক প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ওই ছাত্রীনিবাসে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাও সেখানে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও নিরাপত্তার আশ্বাস দেন।
উপজেলার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় ছাত্রীদের সঙ্গে। পঞ্চম শ্রেণির দুই ছাত্রী বলে, বিদ্যালয়ের ১ নম্বর ছাত্রীনিবাসে তারা ১০ জন থাকে। শুক্রবার ছিল নয়জন। রাত ১২টায় হঠাৎ এক ছাত্রীর ঘুম ভেঙে গেলে সে দেখে এক যুবক দাঁড়িয়ে আছে। ভয়ে সে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অন্য ছাত্রীদেরও ঘুম ভেঙে যায়। এ সময় যুবকটি মুখ ঢেকে পালিয়ে যায়। সেদিন রাতে ছাত্রীনিবাসে নৈশপ্রহরী ছিল না।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, গভীর রাতে খবর পেয়ে ফটকের তালা ভেঙে তিনি বিদ্যালয়ে প্রবেশ করেন। তখন বিদ্যালয়ে শিক্ষক, নৈশপ্রহরী কেউ ছিল না। পরে ছাত্রীনিবাসে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন। ছাত্রীনিবাসের ভেন্টিলেটর ভেঙে যুবকটি প্রবেশ করেছিল। ছাত্রীরা চিৎকার ও কান্নাকাটি করায় দরজা খুলে যুবকটি পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা বলেন, শুক্রবার তিনি বিদ্যালয়ে ছিলেন না। ছাত্রীনিবাসে যুবক প্রবেশ করার ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিদ্যালয়ের নৈশপ্রহরী ক্যাজরী মারমা বলেন, অসুস্থ্ থাকায় অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি বাড়িতে চলে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যালয়ে যান। তখন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ ছিলেন না। এভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে একা রেখে যাওয়া চরম দায়িত্বহীনতা। এ জন্য প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।