দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির পদযাত্রায় বাধা, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির বাবুছড়া থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল রোববার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ৫০টি ফাঁকা গুলি করে।

পদযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে দীঘিনালায় আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব ধর্মজ্যোতি চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতারা জানান, গতকাল বেলা ১২টার দিকে বড়াদম এলাকা থেকে দুই শতাধিক আদিবাসী নারী-পুরুষ পদযাত্রা নিয়ে বাবুছড়ার উদ্দেশে রওনা হন। কার্বারী টিলা এলাকায় পৌঁছার পর তাঁদেরও বাধা দেওয়া হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৫০টি ফাঁকা গুলি করে।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘আমরা প্রতিনিয়ত ভূমি হারাচ্ছি। এখন আমরা প্রতিবাদও করতে পারছি না। আজ শান্তিপূর্ণভাবে পদযাত্রা নিয়ে বাবুছড়ায় যাচ্ছিলাম, কিন্তু প্রশাসনের বাধার কারণে যেতে পারিনি।’

সংঘর্ষে নির্বাহী হাকিম মিজানুর রহমানসহ সেনাবাহিনী ও আনসারের ছয় সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমি রক্ষা কমিটির সদস্য ত্রিদিব চাকমা, বিজুবি চাকমা, ইন্দ্রমুনি চাকমা ও পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র সুবিকাশ চাকমা আহত হন।

সংঘর্ষের পর ভূমি রক্ষা কমিটির সদস্যরা কার্বারী টিলা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। বাবুছড়ার যত্ন মোহন কার্বারীপাড়ায় ৫১ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে যেতে না পেরে মাইনী সেতু এলাকা, নোয়াপাড়া ও উদালবাগান উচ্চবিদ্যালয়ে পৃথক প্রতিবাদ সভা করে ভূমি রক্ষা কমিটি।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন না ধরায় বক্তব্য জানা যায়নি।

দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন জানান, গোয়েন্দা সূত্রে খবর ছিল, পদযাত্রা কর্মসূচির নামে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে হামলা হবে। হামলা ঠেকাতেই বিভিন্ন স্থানে পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করা হয়।