খাগড়াছড়ির দীঘিনালায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় উপজেলার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শিকার আদিবাসী ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ছাত্রীর পরিবার জানায়, গত সোমবার রাত দেড়টার দিকে দীঘিনালা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠান শেষে ওই ছাত্রী আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই আত্মীয়। ওই ছাত্রীর সঙ্গে থাকা আত্মীয় মানষ কান্তি চাকমা (১৮) ও সুজন জ্যোতি চাকমা (১৮) জানান, আদিবাসী এক নেতা ডাকছেন—এ কথা বলে ছাত্রলীগের নেতা শাহরিয়ার সোহেলসহ চার যুবক তাঁদের উত্তর মিলনপুর এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁদের দুজনকে মারধর করে কবাখালী যুবসংঘ নামের একটি ক্লাবে আটকে রাখে ওই চার যুবক। পরে তিন যুবকের সহায়তায় শাহরিয়ার সোহেল ওই ছাত্রীকে ক্লাবের বাইরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তাঁরা ক্লাব ঘর থেকে পালিয়ে গিয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের বিষয়টি জানান। পরে এলাকার লোকজন এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। এলাকার লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগে ওই চার যুবক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশের কাছে খবর আসে, কয়েকজন অপরিচিত যুবক পূর্ব কাঁঠালতলীপাড়া এলাকায় তামাকখেতে লুকিয়ে আছে। পরে পুলিশ ও জনতা সেখান থেকে শাহরিয়ার সোহেলকে গ্রেপ্তার করে। অন্য যুবকেরা পালিয়ে যায়।
এদিকে ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সভাপতি রাজ্যময় চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, জেএসএসের জেলা শাখার সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রাম নারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মল্লিকা চাকমা, যুব সমিতির উপজেলা শাখার সভাপতি সমীর চাকমা।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ঘটনার পর শাহরিয়ারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কুকর্মের দায় দল বহন করবে না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা গতকাল শাহরিয়ারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক আমির হোসেন।
শাহরিয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহেলকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দীঘিনালা উপজেলা শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।