দীঘিনালার এক ব্যক্তি নিখোঁজ, মুক্তিপণ দাবি
খাগড়াছড়ির দীঘিনালার এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এদিকে নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রীর কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে।
নিখোঁজ মোহাম্মদ আলীর (৪৭) স্ত্রী ফাতেমা বেগম বলেন, তাঁর স্বামী ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। ৫ ফেব্রুয়ারি বিকেলে তাঁর স্বামী যাত্রী নিয়ে রাঙামাটির বাঘাইহাটের উদ্দেশে যাত্রা করেন। তারপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই দিন থেকে তাঁর মুঠোফোনও বন্ধ। গত বৃহস্পতিবার মুঠোফোনে তাঁর কাছে মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে দাবি করা হয় ৫০ হাজার টাকা। সর্বশেষ তাঁর কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলীর নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মুক্তিপণ চেয়ে মোহাম্মদ আলীর স্ত্রীর মুঠোফোনে ছয়বার কল করা হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।