দীঘিনালায় জেএসএসের সাবেক কর্মী খুন
খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার রাত সোয়া নয়টায় মঞ্জুর আলম (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেএসএস (এমএন লারমা) পক্ষের সাবেক কর্মী।
পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি জব্দ করা হয়। দীঘিনালা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই কিলোমিটারের মতো হবে।
লাশের সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইন প্রথম আলোকে বলেন, ‘লাশের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি গুলির চিহ্ন রয়েছে।’
মঞ্জুরের স্ত্রী সুজাতা চাকমা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী পাঁচ বছর আগে আঞ্চলিক দল ছেড়ে দিয়ে মাছ চাষ ও বাগান এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্জুরের লাশ পড়ে আছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঞ্জুর আলমকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।