দীঘিনালায় তরুণীকে ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির দীঘিনালায় বিয়ের আশ্বাসে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে থানা বাজার এলাকার বাসিন্দা মো. মিরাজকে (২৬)। এ ছাড়া ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে কুমিল্লা টিলা গ্রামের মো. রাজু (১৮) ও কবাখালী গ্রামের মো. কাসেমকেও (২৫) আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে মো. মিরাজের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিরাজ। এরপর তরুণী বিয়ের জন্য চাপ দিলে তিনি গড়িমসি করেন। এ নিয়ে দুজনের সম্পর্কের অবনতি হয়। সর্বশেষ ২ জুন (শুক্রবার) দুপুরে আবারও তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে শালবন এলাকায় নিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণী চিৎকার দিলে মিরাজ পালিয়ে যান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন ভূঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।