দীঘিনালায় দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ আনসারের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আনসার সদস্যদের বিরুদ্ধে গিয়াস উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি ও তাঁর ছেলে মো. হারুন মিয়াকে (২০) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বিক্ষোভ করেছেন।
গিয়াস উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গতকাল শনিবার দুপুরে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকার ইসলাম শিবিরের আনসারচৌকি-সংলগ্ন নলকূপে মো. হারুন গোসল করতে যান। এ সময় আনসার সদস্যরা তাঁকে বাধা দেন। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে হারুনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আনসারের নায়েক সামাদের নেতৃত্বে হারুনকে মারধর করা হয়। এ ঘটনায় হারুনের বাবা গিয়াস উদ্দিন আনসারচৌকিতে গিয়ে ছেলেকে বকাঝকা করেন। এ সময় জামতলী ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে একদল আনসার সদস্য এসে গিয়াস ও হারুনকে ধরে নিয়ে যান। পরে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাঁদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গিয়াস উদ্দিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
ইসলাম শিবির আনসারচৌকির আনসার সদস্য ইসরাফিল হোসেন বলেন, হারুন আনসার সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করলে তাঁর বাবা এসে তাঁকে চড়-থাপ্পড় মারেন। এরপর ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনসার সদস্যরা এসে তাঁদের দুজনকে নিয়ে যান।
আনসার নায়েক মো. সামাদ বলেন, ‘আমরা তাঁদের মারধর করিনি। তাঁরা আনসারের নাম ধরে গালাগাল করছিল।’
৩১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাজ্জাদ মাহমুদ বলেন, ‘ক্যাম্পের ভেতর কেউ প্রবেশ করলে আমরা কি বসে থাকব? তাঁরা ক্যাম্পে হামলার চেষ্টা করেছেন, তাই তাঁদের ধরে আনা হয়েছে।’ তিনি বলেন, গিয়াস উদ্দিন ও হারুনকে মারধর করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তিন শতাধিক নারী-পুরুষ এ ঘটনায় আনসার সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা প্রায় ২০ মিনিট দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।