দীঘিনালায় দোকানিকে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালার অনাথ আশ্রম এলাকায় গত রোববার রাতে মো. বাদল খাঁ (৪২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অনাথ আশ্রম এলাকার বাসিন্দা বাদল খাঁ চা-দোকানি ছিলেন। তিনি মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্যপদে নির্বাচন করে হেরে যান।
অনাথ আশ্রম এলাকার বাসিন্দা মো. সোহাগ ও নিহত ব্যক্তির চাচাতো ভাই বশির খাঁ বলেন, রোববার রাতে বাদল নিজ দোকানের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এলাকার লোকজন তাঁকে দোকানের পেছনে শুইয়ে দিয়ে চলে যায়। গতকাল সোমবার সকালে লোকজন বাদলের দোকান বন্ধ দেখতে পান। ডাকাডাকি করলেও তাঁর কোনো সাড়া মেলেনি। পরে দোকানের ভেতরে বাদল খাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। পাশে তাঁর স্ত্রী কুলছুম বেগম অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, বাদল খাঁর গলা, নাক ও মুখে ধারালো অস্ত্রের আঘাত আছে। গলা কাটার পর কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নাসির উদ্দিন, মো. নাসির ও মো. সিদ্দিক নামের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, ইউপি নির্বাচন নিয়ে বিরোধ ও টাকা লুটের জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার আগে বাদল খাঁকে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হতে পারে বলেও তাঁদের ধারণা।