দীঘিনালায় নারী পাচারের অভিযোগে দুজন আটক
নারী পাচারে জড়িত সন্দেহে খাগড়াছড়ির দীঘিনালায় দুজনকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রশিক নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন খলিলুর রহমান ও রিপন মিয়া।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম দুজনের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম ও রশিক নগর এলাকার সোহাগ মিলন জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ অনেক দিনের। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলত না। রশিক নগর এলাকায় কয়েকজন নারী নিখোঁজ আছেন বলে তাঁরা জানান।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা খলিল ও রিপনকে আটক করেছি। এলাকার কয়েকজন নারী নিখোঁজ আছেন বলেও শুনেছি। দুজনকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রশিকনগর এলাকার মো. শাহজাহান অভিযোগ করেন, তাঁর বোনকে (১৮) খলিলুর রহমান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় মাস আগে নিয়ে যান। এখন তাঁর বোন কোথায় আছেন, তিনি জানেন না।