দীঘিনালায় পাহাড় কেটে ইটভাটা সম্প্রসারণ!
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটা সম্প্রসারণ করা হচ্ছে। পাহাড়ের মাটিগুলো ইটভাটায় নেওয়া হচ্ছে। পাহাড় কাটার কোনো অনুমতিপত্র নেই বলে ইটভাটার মালিকপক্ষও স্বীকার করেছে। ১৫ দিন ধরে মাটি কাটার যন্ত্র দিয়ে পাহাড় কাটা অব্যাহত রেখেছে।
সরেজমিনে গতকাল শুক্রবার সকালে উপজেলার রশিকনগর এলাকায় দেখা যায়, পাহাড়ের পাদদেশে অবস্থিত মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্সের মালিকানাধীন ইটভাটার পাশে মাটি কাটার যন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। ভাটার পশ্চিম পাশের দক্ষিণ কোণে আরেকটি পাহাড় কয়েক দিন আগে কেটে ফেলা হয়েছে। ইটভাটাটি পাহাড় পরিবেষ্টিত হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে পাহাড় কাটছে ভাটার মালিকপক্ষ।
ভাটার তদারককারী মো. বলি মিয়া ও অহিদ মিয়া বলেন, ‘পাহাড়টি ভুলে কেটে ফেলা হয়েছে। পাহাড় কাটার কোনো অনুমতিপত্র আছে কি না, আমাদের জানা নেই। সেটা ইটভাটার ব্যবস্থাপক ভালো বলতে পারবেন।’
সেলিম অ্যান্ড ব্রাদার্সের ইটভাটার ব্যবস্থাপক মো. ইদ্রিছ বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি আমার জানা নেই। পাহাড় কাটার অনুমতিপত্র আমাদের কাছে কেন, সেটা প্রধানমন্ত্রীর কাছেও নেই।’ ১৫ দিন ধরে পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ইটভাটাটি পাহাড়ের ভেতরে হওয়ায় পাহাড় কাটার সুযোগ পাচ্ছে। অবশ্যই পাহাড় কর্তনকারীর বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি আমার জানা ছিল না। অবশ্যই পাহাড় কর্তনকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাহাড় কর্তনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’