দীঘিনালায় বিএনপির বিরুদ্ধে বিএনপির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঈদের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের (সমীরণ-ওয়াদুদ) মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমীরণ পক্ষের চার কর্মী আহত হয়েছেন।
বিএনপির সমীরণ দেওয়ান পক্ষের কমিটির আহ্বায়ক মিলন ফরাজী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার নেতা-কর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরাসহ শতাধিক নেতা-কর্মী দীঘিনালায় শুভেচ্ছা বিনিময় শেষে জেলা সদরে ফেরার পথে বিকেলে উপজেলার সুপারিবাগানে পৌঁছালে ওয়াদুদ ভূঁইয়া সমর্থকেরা হামলা চালান।
এতে সমীরণ পক্ষের যুবদল নেতা মো. সৈয়দ, জেলা তৃণমূল দলের নেতা রফিকুল ইসলাম, সদস্য চক্ষুধন চাকমা ও উপজেলা যুবদলের সদস্য জুয়েল আহত হন।
এ ঘটনায় সমীরণ পক্ষের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে লারমা স্কোয়ারে জড়ো হন। পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন সমীরণ পক্ষের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমরা সমীরণ পক্ষের ওপর কোনো হামলা করিনি। বরং তারা আমাদের পক্ষের উপজেলা শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলামের বসতবাড়ি ও কয়েকজন নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার চেষ্টা করে। তারা পুলিশের ধাওয়ায় আহত হয়েছে, আমরা তাদের ওপর হামলা করিনি। তারা ষড়যন্ত্র করে আমাদের নামে মামলা দিয়েছে।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে বিএনপির ওয়াদুদ ও সমীরণ পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমীরণ পক্ষের মো. সৈয়দ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করেছেন।