দীঘিনালায় মোটরসাইকেল চুরি হচ্ছেই, উদ্ধার নেই
খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেল চুরি থামানো যাচ্ছে না। দেড় মাসের ব্যবধানে ১০টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা যায়নি। মোটরসাইকেল ছিনতাইকারীর হাতে দুই ব্যক্তি খুন হয়েছেন।
সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের কার্যালয়ের নিচ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুর রহমানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা।
পুলিশ ও চুরি যাওয়া মোটরসাইকেলমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার থেকে উপজেলা পরিষদের খাগড়াছড়ি-হ-১১-১৮০৪ নম্বরের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের দাপ্তরিক সহকারী কিরণ চাকমা থানায় মামলা করেন। গত ৮ আগস্ট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ মুৎসূদ্দীর নীল রঙের বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটি চুরি হয়। আগস্ট মাসে উপজেলার মাস্টারপাড়া এলাকার সমর জ্যোতি চাকমা, ননী গোপাল চাকমার দুটি মোটরসাইকেল ও বড় মেরুং সওদাগরপাড়ার নজরুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বোয়ালখালী গরুবাজার এলাকা থেকে মো. বাবুল হোসেনের চট্টমেট্রো-ল-১৩-৩৫৭২ নম্বরের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ছাড়া মোটরসাইকেল ছিনতাইয়ের শিকার হয়ে গত বছরের ২০ জুন মো. চান মিয়া (৪০) নামে একজনকে হত্যা করা হয়। পরে ২১ আগস্ট বরগুনার আমতলী থেকে পুলিশ মোটরসাইকেলসহ শাহীন হালদার(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। গত ৬ মে উপজেলার ভৈরফা অটলটিলা এলাকায় শাহ আলমকে (২৮) জবাই করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পরে লোকজনের উপস্থিতিতে দুর্বৃত্তরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা রিমন মিয়া (১৮) ও নূর নবীকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ মুৎসূদ্দী বলেন, আমার মোটরসাইকেলটি বাড়িতে নিরাপত্তা তালা লাগিয়ে রেখেছিলাম। এরপরও চোরেরা নিরাপত্তা তালা ভেঙে কীভাবে নিয়ে গেল জানি না। এখনো মোটরসাইকেলের হদিস পাইনি।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুর রহমান বলেন, গত শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলটি রেখে বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে প্রবেশের ১০ মিনিটের মধ্যে সেটি চুরি হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো মোটরসাইকেল চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল চুরির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। মোটরসাইকেল চুরির ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে সোর্সের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে।