চলে গেলেন ট্রাকচালক বকুল

রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ঝরে গেল আরও একটি নিরীহ প্রাণ। অকূলপাথারে পড়ল একটি পরিবার।
পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে প্রায় এক সপ্তাহ ধরে দুঃসহ যন্ত্রণা ভোগ করার পর মারা গেছেন সিলেটের ট্রাকচালক বকুল দেবনাথ (৩৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাতটা ২০ মিনিটে মারা যান তিনি।
কীভাবে চলবে বকুল দেবনাথের পরিবার?
হাসপাতাল সূত্র জানায়, ২০ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন বকুল। তাঁর মুখ, হাত, বুকসহ শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়। পোড়ার ক্ষতও ছিল গভীর। তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। আজ সকাল সোয়া সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
বকুলের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায়। সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চালাতেন তিনি। ছেলে নিলয় দেবনাথ (৫), স্ত্রী নীলিমা (২৮) এবং কাঁচামাল ব্যবসায়ী ছোট ভাই রন্টু দেবনাথকে নিয়েই ছিল বকুলের সংসার।
২০-দলীয় জোটের ডাকা অবরোধের ২২তম দিন আজ। গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের ডাকে টানা এই অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকেই। গত ২৩ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ৩৬ জন। আগুন দেওয়া হয় ৩৩৩টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় ৪৩১টি।