বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি-নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে বরখাস্তের ঘটনায় দুই পক্ষের দ্বন্দ্বে ৩৫ জন শিক্ষকের নভেম্বর মাসের বেতন-ভাতা আটকে গেছে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উপজেলার বিবিচিনি-নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আরশাদ আবেদীন ৫ ডিসেম্বর অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের প্রতি দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে তাঁকে সাময়িক বরখাস্ত করেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে পরিচালনা কমিটির নেতাদের চরম বিরোধ হয়। একপর্যায়ে নজরুল ইসলামের পক্ষ সমর্থনকারী স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বরখাস্তকৃত অধ্যক্ষকে লাঞ্ছিত করে তাঁকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেন। পরে প্রদীপ কুমার বিশ্বাস বরিশাল শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শিক্ষকদের গত নভেম্বর মাসের বেতন-ভাতার কাগজপত্রে স্বাক্ষর করে ব্যাংকে পাঠালে বরখাস্ত হওয়া অধ্যক্ষ ব্যাংকে আপত্তি জানান। এতে ৩৫ জন শিক্ষকের বেতন-ভাতা আটকে যায়।
প্রদীপ কুমার বিশ্বাসের দাবি, পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতির এক আত্মীয়কে দাতা সদস্য করে বেআইনিভাবে ভোটাধিকার দেওয়ার দাবি তোলেন। এতে তিনি আপত্তি করলে সভাপতি ক্ষুব্ধ হয়ে অবৈধভাবে তাঁকে বরখাস্ত করেন।
অভিযোগ অস্বীকার করে সভাপতি আরশাদ আবেদীন বলেন, অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম, তহবিল তছরুপ, পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ থাকায় তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মকানুন মেনেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষক ক্ষোভের সঙ্গে জানান, এই দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীদের পাঠদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আবুল বাশার বলেন, ‘দুই অধ্যক্ষের মধ্যে চলা বিরোধের কারণে আমাদের বেতন-ভাতা কেন বন্ধ করা হলো বুঝতে পারছি না।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আমি শিক্ষকদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেছি, এটা অবৈধ নয়। তা ছাড়া বরখাস্ত হওয়া অধ্যক্ষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আর বরখাস্ত করার পর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাতে আমার সম্পৃক্ততা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিয়মতান্ত্রিকভাবে তাঁকে বরখাস্ত করা হয়নি। যে অভিযোগেই তাঁকে বরখাস্ত করা হোক না কেন, তা সরকারি বিধি অনুযায়ী করা উচিত।