
রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের সেই দুই নেতাকে পুলিশ ১৮ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে, দুজনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভারতে পালিয়েছেন। আরেকজন ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ডিএসসিসির কর্মচারী এবং একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এই ছবি প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করে।
এ ঘটনায় পুলিশ এবং একজন হকার ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে শাহবাগ ও পল্টন থানায় পৃথক মামলা করে। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সাব্বিরের বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আর ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আশিকুর রহমান অন্য কোথাও আত্মগোপন করে আছেন। তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
তবে অভিবাসন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, সাব্বির ও আশিকুর যাতে দেশ ছাড়তে না পারেন, সে ব্যাপারে অভিবাসন শাখায় তথ্য দেওয়া হয়েছিল। সাব্বিরের বৈধভাবে দেশ ছাড়ার তথ্য নথিপত্রে নেই। যদি দেশত্যাগ করে থাকেন, সেটা চোরাই পথে সীমান্ত অতিক্রম হতে পারে।
স্টামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র সাব্বির হোসেন সপরিবার পুরান ঢাকার সিদ্দিকবাজারে থাকেন। একই প্রতিষ্ঠানের ছাত্র আশিকুরের বাসা ওয়ারীর র্যা ঙ্কিন স্ট্রিটে।
গতকাল সিদ্দিকবাজার ও র্যা ঙ্কিন স্ট্রিটে গেলে এলাকাবাসী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ২৮ অক্টোবর অস্ত্র হাতে সাব্বির ও আশিকুরের ছবি প্রথম আলোতে ছাপা হওয়ার দু-তিন দিন পরও দুজনকে এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকে আর দেখা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সাব্বির অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন বলে এলাকায় প্রচার আছে।
সাব্বিরের ব্যক্তিগত কার্যালয় ১৩১ নম্বর সিদ্দিকবাজারের রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায়। সেটি এখন তালাবদ্ধ। মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর সাব্বির এই কক্ষ দখল করে ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। এখানে তিনি সহযোগীদের নিয়ে আড্ডা দিতেন। এলাকায় নিয়মিত মোটরসাইকেলের মহড়া দিতেন। তাঁর বিরুদ্ধে সিদ্দিকবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগও আছে।
ছাত্রলীগের স্থানীয় একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সাব্বির ও আশিকুরের রিভলবার ও পিস্তলের লাইসেন্স নেই। ছাত্রলীগের পদ পাওয়ার পর তাঁদের হাতে এসব অবৈধ অস্ত্র এসেছে। গুলিস্তানে হামলার আগেও তাঁরা প্রকাশ্যে এসব আগ্নেয়াস্ত্র বহন করেছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ছাত্রলীগের দুই নেতা সাব্বির ও আশিকুর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেননি। তাই তাঁদের ব্যবহার করা অস্ত্র ও গুলি অবৈধ।