দুই অস্ত্রধারীর কাছে থেকে দুটি বন্দুক উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন অস্ত্রসহ সহিংসতায় লিপ্ত থাকা ব্যক্তিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিশানের কাছ থেকে একটি এলজি (দেশে তৈরি বন্দুক) ও জয়নালের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মো. নিশান ও জয়নাল আবেদিন। গতকাল রোববার রাতে সাতকানিয়া ও নোয়াখালী থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসব গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেটে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এসব তথ্য জানানো হয়।
পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে খাগরিয়ার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্রের আশপাশে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর উচ্ছৃঙ্খল কর্মী–সমর্থকেরা দা, লাঠি, ছুরির মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে দাঙ্গা–হাঙ্গামায় লিপ্ত হন। উদ্ভূত পরিস্থিতিতে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় মোট ২৩টি মামলা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫১ জনকে। অস্ত্রধারীদের মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আসামিদের রাজনৈতিক পরিচয়, অস্ত্রগুলো কীভাবে ভাড়া নিয়েছেন, তাঁদের কেউ দিয়েছেন কি না, এসব জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ নিশান খাগরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার বাদশা মিয়া বাড়ির নাজিমুল ইসলামের ছেলে। ভোট চলাকালে গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের রাস্তায় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়তে দেখা যায় নিশানকে। স্থানীয় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত নিশান। জয়নাল আবেদিন ৭ নম্বর আমিরখিল ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা। জয়নাল আবেদিন নির্বাচনের দিন লুঙ্গি পরা অবস্থায় বিলের মধ্যে অস্ত্র হাতে দৌড়াচ্ছিলেন। জয়নাল খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম হত্যা মামলায় কারাগারে ছিলেন। আমিনুলকে ২০০৫ সালে গুলি করে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আফরুজুল হক ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তত ছয়টি ইউনিয়নে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। নলুয়া ইউনিয়নে সহিংসতায় স্কুলছাত্র মো. তাসিব ও বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর নামের এক বহিরাগত নিহত হন। তবে সবচেয়ে বেশি গোলাগুলি হয় খাগরিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে। খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৭ নম্বর ইউনিয়ন পরিষদ কেন্দ্রকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি হয়। ঘটনা শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ইউপি কেন্দ্রে ছিলেন। তিনি তাঁর সমর্থকদের তখন নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। জসিম উদ্দিনও তখন কেন্দ্রে ছিলেন। গনিপাড়া কেন্দ্র থেকে ছিনতাই হয় ব্যালটও। গোলাগুলিতে লিপ্ত দুই পক্ষের সাত অস্ত্রধারীর ছবি ৮ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত হয়।
অস্ত্রধারীরা তাঁর অনুসারী নন বলে দাবি করেছেন আকতার হোসেন। তিনি বলেন, তাঁর অনুসারীদের হাতে অস্ত্র ছিল না। আকতার পাল্টা অভিযোগ করেছেন, জসিম অস্ত্রবাজি করেছেন।
আকতার ২০১৭ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তখনকার চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে পরাজিত করে। আকতার বর্তমানে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। জসিম উদ্দিন ২০১১ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তিনি এলডিপির সমর্থক ছিলেন বলে প্রচার রয়েছে।