শরীয়তপুরে থাপ্পড় দিয়ে পুলিশ সদস্যের কানের পর্দা ফাটানোর মামলার দুই আসামি গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তবে প্রধান আসামি ছাত্রলীগ নেতা আক্তার হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে।
গ্রেপ্তার দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার এবং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখ।
পুলিশ জানায়, সেলিম মাতুব্বর নামের ওই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় শরীয়তপুর সদর থানায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে।
আসামিদের ধরতে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভির হাসান একদল পুলিশ নিয়ে ঢাকায় যান। দলটি গতকাল দুপুরে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও জাগরণ শেখকে গ্রেপ্তার করে।
শরীয়তপুর সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ঢাকায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে শরীয়তপুর আনা হচ্ছে। আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।