দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করতে আবারও রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আজ মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য রাখেন। দুই আসামি হলেন ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী।
গত বছরের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মিনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ জন আহত হয়। বোমা হামলার নয় মাস পর ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু রহমান ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। তাঁদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী এই মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক। মামলাটি তদন্ত করছে ইপিজেড থানার পুলিশ। জেএমবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক রাইসুল ইসলাম খান ওরফে ফারদিন ওরফে নাফিসের (বোমা বিস্ফোরণে নিহত) নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুই আসামিকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হামলার কথা স্বীকার করেছেন। হামলায় জড়িত অন্যদের নাম তাঁরা বললেও ঠিকানা বলেননি। তাঁদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত কাল (আজ) মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখেছেন।