‘পুলিশের ভুলে’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যাওয়া ইয়াবা মামলার দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শরীফ হোসেন। তিনি মিয়ানমারের নাগরিক। গত বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি কক্সবাজারের বাসিন্দা মো. শামসুলকে খুঁজছে পুলিশ। এদিকে দুই আসামি বেরিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
‘পুলিশের ভুলে’ চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে গেলেন দুই আসামি শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
গত বছরের ২৯ নভেম্বর গভীর সাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব-৭। গ্রেপ্তার করা হয় মিয়ানমারের চার নাগরিকসহ সাতজনকে। তাঁদের মধ্যে দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। কিন্তু আদালতে দায়িত্ব পালন করা পুলিশের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে রোববার রাতে ওই মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়াসংক্রান্ত আদেশ পাঠানো হয় কারাগারে। আদেশ পেয়ে কারা কর্তৃপক্ষ সোমবার দুই আসামিকে মুক্তি দেয়।
মঙ্গলবার রিমান্ড শুনানির ধার্য দিনে দুই আসামি হাজির না হওয়ায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় আদালতে পুলিশের জিআর শাখায় দায়িত্ব পালন করা পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন ও কনস্টেবল বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, দুই আসামির কারাগার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জসীম উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
কমিটির সদস্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কাজল কান্তি চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্ত শুরু করেছেন।