চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে করা মামলার দুই আসামির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সিরাজদ্দৌলা কুতুবী শুনানি শেষে এ আদেশ দেন। দুই আসামি হলেন মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া (তখন র্যাবের সোর্স ছিলেন)।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের বছরের ১৩ মার্চ র্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ বাহিনীর ১০ সদস্য ও দুই সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করা হয়।
২০১২ সালের ৩০ এপ্রিল জুলফিকার আলীকে চাকরিচ্যুত করে সেনাবাহিনী। এর আগে তাঁকে র্যাব চট্টগ্রাম থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। চাকরিচ্যুত হওয়ার পর আত্মগোপন করেন তিনি। একই বছরের ৩ মে ঢাকার রমনা থানা এলাকায় এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ। ২০১২ সালের ১৭ জুন জুলফিকার আলী উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর ২১ জুন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তিনি এখন এই মামলায় জামিনে আছেন।
আদালত সূত্র জানায়, জুলফিকার আলীসহ সাতজনকে আসামি করে ২০১২ সালের ২৮ জুলাই আনোয়ারা থানার পরিদর্শক আবদুস সালাম চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অন্য আসামিরা হলেন তৎকালীন র্যাব-৭-এর সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র্যাবের ডিএডি আবুল বশর, উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু, র্যাবের সোর্স দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া। ২০১২ সালের নভেম্বরে আসামিরা হাইকোর্ট থেকে এ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ নেন। গত আগস্ট মাসে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় এখন মামলাটি আবার সচল হয়েছে।
জামিনে থাকা দুই আসামি মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া গত ১৬ অক্টোবর হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে আদালত তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। পরে আদালত পরবর্তী তারিখে শুনানির আদেশ দেন।