চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত রোববার রাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে পাজেরো গাড়িতে বস্তা ভর্তি করে ১ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি হাটহাজারী নিয়ে যাওয়ার পথে অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকা থেকে মো. সিরাজ (৩৬) ও মো. আরাফাতকে (৩২) গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাঁদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে কারাগার থেকে থানায় আনা হবে।