দুই আসামির স্বীকারোক্তি

রাজধানীর উত্তরায় কর্মজীবী কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
গতকাল শনিবার ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ওই কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মনে করা হচ্ছে, সে গণধর্ষণেরই শিকার হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও তিন-চার দিন সময় লাগবে।’ মেয়েটি রাজধানীর উত্তরায় একটি বিপণিবিতানের এক দোকানের বিক্রয় প্রতিনিধি। তার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে উত্তরার আজমপুরের বাসায় ফেরার সময় তার সহকর্মী মেহেদী হাসান ওরফে আরিফসহ তিনজন তার গতি রোধ করেন। ‘কথা আছে’ বলে তাকে কর্মস্থলের পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান তাঁরা। সেখানে আরিফসহ তিনজন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শুক্রবার চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। ঘটনায় জড়িত অভিযোগে ওই দিনই সাদিকুল ইসলাম ওরফে বাবু, আসলাম উদ্দিন ও আরিফকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল প্রথম আলোকে বলেন, সাদিকুল ও আসলাম গতকাল দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা ধর্ষণের কথা স্বীকার করে জানিয়েছেন, ওই কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়েছিলেন আরিফ। পরে তাঁরা তিনজনই কিশোরীকে ধর্ষণ করেন।
পুলিশ কর্মকর্তা বিপ্লব আরও বলেন, এ ঘটনায় সহযোগী হিসেবে আরেকজনের নামও পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাদিকুল ও আসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১-এর উপ-অধিনায়ক কাজী মো. শোয়াইব প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণখান এলাকা থেকে মূল আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণখান এলাকায় থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেননি। গতকাল বিকেলে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ রোববার) রিমান্ড আবেদন করে আরিফকে আদালতে পাঠানো হবে।