দুই ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে গতকাল শনিবার সকালে পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশ ২৬৪টি রাবার বুলেট ও ৩৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হরিশচর গ্রামের মান্না টেকেরহাট উত্তরপাড় হয়ে ভ্যানে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁিতকান্দা গ্রামের বিপ্লব ও নুর মোহাম্মদ তাঁদের চোখের ওপর টর্চলাইট মারেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ও মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁতিকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন ব্যাপক সংঘর্ষে লিপ্ত হন।
এ খবর ছড়িয়ে পড়লে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়ন ও মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে দুই থানার পুলিশ এবং মাদারীপুর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে সংঘর্ষকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে ২৫৪টি রাবার বুলেট ও ৪৫টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ ও মো. রশিদ এবং গোয়েন্দা পুলিশ সদস্য নজরুল, কনস্টেবল কামরুল হাসানসহ চার পুলিশ সদস্য এবং দুটি ইউনিয়নের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের রাজৈর, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় নয় শতাধিক যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
ঘটনার সত্যতা স্বীকার করে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম জানান, সংঘর্ষ ঠেকাতে পুলিশ ২৫৪টি রাবার বুলেট ও ৪৫টি কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপ করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানায়, এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।