দুই উপজেলায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে বেড়া উপজেলায় গতকাল রোববার দুপুরে দুর্বৃত্তরা কোব্বাদ আলী শিকদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। আর গত শনিবার রাতে ঈশ্বরদী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন।

বেড়া উপজেলায় নিহত কোব্বাদ আলীর (৪২) বাড়ি টাক শিমুলিয়া গ্রামে। পুলিশের ভাষ্যমতে, তিনি চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুন হয়েছেন।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোব্বাদ আলী চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তিনি বছর তিনেক আগে আট বছর সাজা ভোগ করে কারাগার থেকে মুক্তি পান। তিনি গতকাল বেলা একটার দিকে একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।

জানতে চাইলে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তাজুল হুদা বলেন, কোব্বাদের বিরুদ্ধে থানায় হত্যাসহ কয়েকটি মামলা ছিল। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঈশ্বরদী উপজেলার মাছ ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৫) খুন হন শনিবার রাত পৌনে ১০টার দিকে। ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদীর ঢুলটি নামক স্থানে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার বহরপুর গ্রামে। এ ঘটনায় আব্বাস আলী নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

ভ্যানচালক আব্বাস আলী বলেন, শনিবার সারা দিন বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে রাতে দাশুড়িয়া বাজার থেকে তাঁর ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন হাফিজুর। রাত পৌনে ১০টার দিকে ঢুলটির রশিদ অয়েল মিল পার হওয়ার পরপরই মোটরসাইকেল আরোহী তিন যুবক তাঁদের গতিরোধ করেন। নিজেদের ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে যুবকেরা হাফিজুরকে মারধর করে এবং তাঁর বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।এই সময় আব্বাস দৌড়ে পালিয়ে যান।

হাফিজুরের চাচাতো ভাই জাহিদ মণ্ডল বলেন, চিৎকার শুনে তিনিসহ আশপাশের লোকজন ছুটে এসে হাফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

রাত সোয়া আটটায় জানতে চাইলে ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, পূর্বশত্রুতার জেরে হাফিজুরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।