দুই এসআইকে গণপিটুনি দিয়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী আন্দোলনের এক নেতাকে নির্যাতন করে চাঁদা আদায়ের চেষ্টার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই উপপরিদর্শককে (এসআই) গণপিটুনি দিয়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। গতকাল রোববার রাতে উপজেলার মীরেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় মীরেরবাগ গ্রামের কাঠ ব্যবসায়ী ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী বিল্লাল হোসেনের বাড়িতে সাদাপোশাকে গিয়ে দরজা ধাক্কা দেন সোনারগাঁ থানার দুই এসআই আবদুল লতিফ ও আমিনুল ইসলাম। এ সময় বিল্লাল নামাজ পড়ছিলেন। দরজা খুলতে দেরি হওয়ায় দুই এসআই ক্ষুব্ধ হন। এরপর তাঁরা দুই সোর্স (তথ্যদাতা) হাবিব মিয়া ও মিঠু হোসেনকে নিয়ে বিল্লালের ঘরে ঢোকেন। এ সময় ঘরে মাদক আছে দাবি করে বিল্লালের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। বিল্লাল রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন তাঁরা। বিল্লালের চিৎকারে এলাকার লোকজন এসে ওই দুই এসআই ও দুই সোর্সকে আটক করে গণপিটুনি দিয়ে একটি কক্ষে আটক করে রাখেন।

খবর পেয়ে দুই ঘণ্টা পর সোনারগাঁ থানা-পুলিশের একাধিক দল সেখানে যায়। এ সময় এলাকাবাসী ‘বিচার চাই, বিচার চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও মতিয়ার রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে যায়। দুই এসআই ও দুই সোর্সের বিচারের আশ্বাস দেওয়ার পর রাত ১১টার দিকে এলাকাবাসী তাঁদের ছেড়ে দেন।

বিল্লাল হোসেন বলেন, ‘আমি অত্র এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। পুলিশের দুই এসআই ১০ লাখ টাকা চাঁদার দাবিতে আমার ওপর নির্যাতন চালান। আমি এ ঘটনার বিচার চাই।’

জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিম শিকদার বলেন, বিল্লাল হোসেন মাদকবিরোধী আন্দোলনসহ সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই আবদুল লতিফ বলেন, ‘এসআই আমিনুল আমাকে এখানে নিয়ে এসেছেন। এর বেশি আমি আর কিছু জানি না।’ আমিনুল ইসলাম বলেন, ‘এ বাড়িতে মাদকসেবীদের আস্তানা আছে জেনে সাদাপোশাকে অভিযানে এসেছিলাম। পরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।’

অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে দুই এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাদাপোশাকে অভিযান চালানোর বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে রাজি হননি।