দুই কথিত চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে গোপালগঞ্জে দুই কথিত চিকিৎসককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই কথিত চিকিৎসক হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের শহিদুল ইসলাম ওরফে হৃদয় (৩৮) ও একই জেলার গফরগাঁও উপজেলার ছোট কড়াইল গ্রামের এসএম রাজ্জাক (৬২)।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল হক বলেন, ওই দুই ব্যক্তি কাজুলিয়া বাজারে শততা ভ্যারাইটি স্টোর নামের একটি দোকানে রোগী দেখতেন। তাঁরা সেখানে একটি ল্যাপটপের সাহায্যে রোগ নির্ণয় করতেন বলে রোগীদের দেখাতেন। এভাবে প্রতারণা করার সময় তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমরান হোসেন বলেন, বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সদরের কাজুলিয়া বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ কারাদণ্ড প্রদান করা হয়।