দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা ও অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগে তাঁদের বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত চিঠি ওই দুজনের নিকট পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান।
সাময়িক বরখাস্ত ওই দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এবং সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন।
এ ব্যাপারে আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ ব্যাপারে আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘এ সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি এবং আমার জানামতে তিনিও (আলমগীর হোসেন) এখনো কোনো চিঠি পায়নি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, সাময়িক বরখাস্ত করার চিঠি ওই দুজনের কাছে পাঠানো হয়েছে।
গত বুধবার উপাচার্য ও সহউপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তাদের পাল্টাপাল্টি মানববন্ধনের আগে উপাচার্য সমর্থক কয়েকজন কর্মকর্তার ওপর সহউপাচার্য সমর্থক কয়েকজন কর্মকর্তা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় পাঁচজন কর্মকর্তা আহত হন।