দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে বিপিসির তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানির পদস্থ দুই কর্মকর্তা ও একজন সিবিএ নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, জ্বালানি তেল, বিটুমিন ও দরপত্র বাণিজ্য এবং তেলের টার্মিনাল ও ডিপোগুলো থেকে মাসোহারা গ্রহণের অভিযোগ ওঠে। এসব কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন মহাব্যবস্থাপককে তদন্ত কমিটির প্রধান করা হয়।
যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুস্তফা কুদরুত-ই-ইলাহীকে। গত ১৭ জুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। অভিযুক্ত তিনজন হলেন: যমুনা অয়েলের ডিজিএম (পার্সোনাল) হাবিবুল মুহিত, ডিজিএম (ফাইন্যান্স) নাজমুল হক ও সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব।
সূত্র জানায়, অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীর কথিত অনিয়মের কারণে যমুনার ডিপোগুলোতে বাৎসরিক পরিচালন ক্ষতি দুই কোটি ২৪ লাখ টাকা হচ্ছে বলে অভিযোগ আনা হয়। এ ছাড়া ২০১১ সালে যমুনাতে ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ১৭ জনের বয়স কিংবা অভিজ্ঞতার সনদে গরমিলের অভিযোগ আনা হয়।
যোগাযোগ করা হলে তদন্ত কমিটির একমাত্র সদস্য ও বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুস্তফা কুদরুত-ই-ইলাহী প্রথম আলোকে বলেন, ‘কিছু অভিযোগের ভিত্তিতে যমুনার তিনজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আমি তদন্ত শুরু করেছি। তবে বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এ মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’
যোগাযোগ করা হলে অভিযুক্ত ডিজিএম (পার্সোনাল) হাবিবুল মুহিত প্রথম আলোকে বলেন, ‘যমুনা অয়েল কোম্পানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতো। যেসব দুর্নীতি ও অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সত্য নয়। এমনকি এসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততাও নেই। তদন্ত কমিটি ডাকলে আমি আমার অবস্থান পরিষ্কার করব।’
অভিযুক্ত ডিজিএম (ফাইন্যান্স) নাজমুল হকও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা আমি নিজেই জানি না। তদন্ত কমিটি ডাকলে আমি আমার বক্তব্য তুলে ধরব।’