দুই কর্মকর্তাসহ নয়জনের নামে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের দুই কর্মকর্তা ও সাত ব্যবসায়ীর বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দা থানায় মামলাগুলো করা হয়।

সাতটি মামলার মধ্যে দুটির বাদী দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক। অন্য পাঁচটি মামলার বাদী ওই কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার। আসামি দুই ব্যাংক কর্মকর্তা হলেন কৃষি ব্যাংকের নগরকান্দার পুরপাড়া বাজার শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও একই শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আবদুর রহমান মিয়া। মো. সাইফুল ইসলাম বর্তমানে সাময়িক বরখাস্ত আর মো. আবদুর রহমান মিয়া ব্যাংকটির নগরকান্দা উপজেলার লস্করদিয়া শাখায় দ্বিতীয়কর্মকর্তা হিসেবে কর্মরত।

আসামি সাত ব্যবসায়ী হলেন নগরকান্দার পুরপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মো. ফারুকুজ্জামান মোল্লা ও মো. খোকন মিয়া, পুরাপাড়া গ্রামের মো. আলমগীর হোসেন ও মো. মিজানুর রহমান খান, বড় কাজলী গ্রামের মো. কামাল হোসেন ও মো. মিরাজ কাজী এবং মেহেরদিয়া মজলিশপুর গ্রামের মো. মোশারেফ মোল্লা। ২০১৩-২০১৫ সালের মধ্যে ওই সাত ব্যবসায়ী কৃষি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে নীতিমালা লঙ্ঘন করে সাত দফায় ব্যাংক থেকে ১ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকা ঋণ হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।