দুই কলেজছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কলেজপড়ুয়া দুই বোনকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছে দুই বখাটে। বখাটেদের বিরুদ্ধে ওই ছাত্রীদের পরিবার উত্ত্যক্ত করার অভিযোগে মামলা করায় তারা এ হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উত্ত্যক্ত করার অভিযোগে ওই দুই ছাত্রীর বাবা গত শনিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়া এলাকার জয় (২২) ও রাজকে (২৫) আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় কোচিং শেষে শনিবার দুপুরে বাসায় ফিরছিল ওই দুই ছাত্রী। তাদের নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নতুনপাড়া ও বাঁধনপাড়া এলাকার মাঝামাঝি সড়কে গেলে জয় ও রাজ সেটির গতি রোধ করে। প্রথমে তারা তাদের প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলে জয় ও রাজ তাদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে জয় ও রাজ পলিয়ে যায়। ছাত্রীরা বাসায় গিয়ে বিষয়টি জানালে রাতে থানায় মামলা দায়ের করেন তাদের বাবা।
ওই দুই ছাত্রীর বাবা অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে তাঁকে নানাভাবে বখাটেরা হুমকি দিচ্ছে। বখাটেরা রোববার দিবাগত রাত দুইটা ৩৪ মিনিটে আবার ফোন করে হুমকি দিয়ে বলেছে, সুযোগ পেলে তারা তাঁর মেয়েদের অ্যাসিডে ঝলসে দেবে। এ ব্যাপারে গতকাল সোমবার রাজ ও জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন বলেন, ‘থানায় অভিযোগ পাওয়ার পর থেকে বখাটেদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এরা এলাকা ছেড়ে পালিয়েছে। এদের কোনো ছাড় দেওয়া হবে না।’