দুটি কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ভাঙচুর করেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ডিগ্রি কলেজ ও চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শ্রীকাইল ডিগ্রি কলেজে এ বছর এইচএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় ৩৫২ শিক্ষার্থী। এর মধ্যে তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হয় ১০০ জন। অকৃতকার্য শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজে জড়ো হয়। পরে ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে ফটকে তালা দেয়। একপর্যায়ে তারা সাধারণ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।
এ বিষয়ে কথা বলতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
তবে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর সরকার বলেন, এই শিক্ষার্থীদের বেশির ভাগই চার থেকে পাঁচটি বিষয়ে ফেল করেছে। এ কারণে তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি।
অন্যদিকে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা গত শুক্রবার সন্ধ্যায় কলেজের দরজা-জানালা ভাঙচুর করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঞা বলেন, ১৭৯ শিক্ষার্থী এবার এইচএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয় ১৪৬ জন। অন্যদের মধ্যে ১৬ জন একটি বিষয়ে ও ১৭ জন একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী সময়ে কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত শুক্রবার ওই ৩৩ জনের আবার পরীক্ষা নেওয়া হয়। এতে চার শিক্ষার্থী কৃতকার্য হয়। ২৯ জন শিক্ষার্থী আবারও অকৃতকার্য হয়। তাদের মধ্যে ১৯ জন শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ পেতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে চাপ সৃষ্টি করে। তিনি আরও বলেন, ‘কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়া আমি কাউকে ফরম পূরণের সুযোগ না দেওয়ায় তারা কলেজে হামলা করেছে। বিভিন্ন কক্ষের জানালা, থাই গ্লাস ও ছয়টি বৈদ্যুতিক বাতি ভাঙচুর করেছে।’
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) হাবিবুর রহমান বলেন, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধু ফরম পূরণের সুযোগ পাবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে। এ ক্ষেত্রে বোর্ডের বলার কিছু নেই।