দুই কলেজের অধ্যক্ষ, একটির প্রভাষক তিনি
জামালপুরের মেলান্দহ উপজেলায় একজন শিক্ষক একসঙ্গে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধারে তিনটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে ওই শিক্ষক ঠিকমতো ক্লাস নিতে পারছেন না।
মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান ওরফে সাজু মিয়া উপজেলার নাগেরপাড়ার শেখ কামাল কলেজ এবং পৌর এলাকার মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ। এর পাশাপাশি তিনি মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর আবদুল জলিল কলেজে প্রভাষক পদে চাকরি করছেন। শেখ কামাল এবং মাহমুদপুর আবদুল জলিল কারিগরি কলেজ দুটি এমপিওভুক্ত।
ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, একাধিক প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তিনি নিয়মিত ক্লাস নিতে পারেন না।
খোঁজ নিয়ে জানা যায়, অধ্যক্ষ শাহজাহানের বাড়ি মেলান্দহ পৌর এলাকায়। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য। দলের সঙ্গে জড়িত থাকায় তিনটি কলেজের তিন পদে তিনি বহাল আছেন।
মো. শাহজাহান বলেন, ‘আমি তিনটি কলেজের দায়িত্বে আছি এটা ঠিক। কিন্তু আমি একটি কলেজ থেকেই বেতন নিচ্ছি। তিনটি কলেজেই শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করানো হচ্ছে। এ জন্য আমাদের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম
সাহেব সন্তুষ্ট হয়ে তিনটি কলেজের দায়িত্ব আমাকে দিয়েছেন।’
সত্যতা নিশ্চিত করে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘স্কুল ও মাদ্রাসার বাইরে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে আমি যতটুকু শুনেছি বা জেনেছি, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহম্মেদ তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কিছু লেখালেখি করেছিলেন। এরপর কী হয়েছে তা আমি জানি না।’
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, তিনি নিজেই আজ শুনলেন একজন মানুষ তিনটি কলেজে চাকরি করছেন। তবে কেউ লিখিত অভিযোগ করলে অবশ্যই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাবেন।