দুই কাউন্সিলর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মেয়র শরিফুল ইসলাম ও বিএনপি সমর্থিত কাউন্সিলর মহসিন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপন হাতে পেয়ে এই দুই কাউন্সিলর বরখাস্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

নলডাঙ্গা পৌরসভা সূত্রে জানা যায়, উভয়ের বিরুদ্ধে পুলিশের দেওয়া ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১০ (সংশোধনী) এর ধারা ৩১ (১) বিধান মোতাবেক মন্ত্রণালয় এই ব্যবস্থা নিয়েছে। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের (পৌর শাখা-২) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষর করেছেন।

পৌর মেয়র আব্বাছ আলী জানান, কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলামের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় দুটি মামলা ও সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা অপর একটি মামলায় এবং কাউন্সিলর মহসিন আলীর বিরুদ্ধে ২০১২ সালের রাজনৈতিক সহিংসতার মামলায় সম্প্রতি আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন।

বরখাস্ত হওয়া উভয় কাউন্সিলর মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শিগগিরই উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত পৌর মেয়র আব্বাছ আলীকেও একই অভিযোগে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন।