দুই কারখানার মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল লাচ্ছা সেমাই ও অননুমোদিত মশার কয়েল তৈরির দায়ে দুই কারাখানার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেজাল লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে কদমতলীর মোহাম্মদবাগ মেরাজনগরের চৌরাস্তায় ঢাকা কুইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক নাজমুল হাসানকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকায় অননুমোদিত কয়েল তৈরির দায়ে মনির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।